প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 1, 2026 ইং
জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতি ও সেনা কর্মকর্তাসহ ৬৫০ জন

রাজধানীতে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশে বিএনপি নেতা, সাবেক বিচারপতি, আইনজীবী, সেনা কর্মকর্তা, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ ৬৫০ জন জামায়াতে যোগ দিয়েছেন বলে জানিয়েছে দলটি।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে এ দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যোগদানকারীদের ফুল ও ইসলামিক বই দিয়ে স্বাগত জানান জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, যোগদানকারীদের মধ্যে রয়েছেন সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. এ এস এম খালেকুজ্জামান, সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, পুলিশের সাবেক এসপি ওবায়দুল হক এবং জাতীয় দলের সাবেক ফুটবলার ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা সেলিম আহমেদ।
এ ছাড়া ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ধর্মীয় ব্যক্তিত্বদেরও জামায়াতে যোগ দেওয়ার কথা জানানো হয়েছে।
তাদের মধ্যে বিএনপির বংশাল থানা শাখার যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকার, ২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মুশফিকুর রহমান বাবু, ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হাজী আলতাব হোসেন এবং ৩৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাবেদ ওমরের নাম উল্লেখ করা হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। বক্তব্য দেন যোগদানকারী সাবেক বিচারপতি, আইনজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন পর্যায়ের নেতারা।
জামায়াতের নেতারা বলেন, মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির মাধ্যমে সংগঠনের কার্যক্রম ও রাজনৈতিক অবস্থান মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামায়াতে যুক্ত হচ্ছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান